প্রকাশের তারিখ: Nov 29, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 29 November 2026
সংবাদ শিরোনাম

পটিয়া প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ গোলে সমতা

পটিয়া প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ গোলে সমতা

সাংবাদিকদের সম্প্রীতি-সোহার্দ্য ও ভ্রাতিত্ববোধ বজায় রাখার আহবান
শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দল। তবে খেলার অন্তিম সময়ে আলভীর দুর্দান্ত গোলে সমতায় ফেরে মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় পটিয়া প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া স্পোর্টস অ্যারেনায় এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধে ইরফানের গোলে এগিয়ে যায় তালেব-ইসলাম স্মৃতি দল। গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় জালাল-হারুন স্মৃতি দল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোলের দেখা পাচ্ছিল না তারা। অন্যদিকে লিড ধরে রাখতে রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে তালেব-ইসলাম স্মৃতি দল।

ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে আলভীর গোলে পাল্টে যায় খেলার চিত্র। তাঁর করা গোলে সমতায় ফেরে জালাল-হারুন স্মৃতি দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আইয়ুব নবী এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন রশীদ চৌধুরী।

খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তাঁরা সাংবাদিকদের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

আয়োজক পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে।

প্রীতি ম্যাচকে ঘিরে মাঠে সাংবাদিক, অতিথি ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।